বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের কার্যকরী পরিষদের ৪র্থ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম, ০৮ জুলাই ২০২৬: আজ বুধবার বিকাল ৩.০০ টায় 'বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন'-এর ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী পরিষদের ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি জনাব কাউসার জামালের সভাপতিত্বে এবং মহাসচিব জনাব মইনুল ইসলামের পরিচালনায় সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন এসোসিয়েশনের অর্থ-সম্পাদক প্রফেসর ইঞ্জিনিয়ার মো. আরিফ হাসনাইন।
উক্ত সভায় রাবার শিল্পের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ এবং চাষী ও মালিকদের স্বার্থ সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচ্যসূচির ওপর বিশদ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভার মূল আলোচ্য বিষয়গুলো নিম্নরূপ:
বাংলাদেশ রাবার বোর্ড আইন-২০২৬: নবপ্রণীত এই আইনের বিভিন্ন ধারা ও রাবার শিল্পের ওপর এর প্রভাব নিয়ে সভায় বিস্তারিত পর্যালোচনা করা হয়। দেশের রাবার খাতের টেকসই উন্নয়নে এই আইনের ইতিবাচক দিকগুলো বাস্তবায়নে এসোসিয়েশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গঠনতন্ত্র সংশোধন: যুগের চাহিদা ও প্রাতিষ্ঠানিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এসোসিয়েশনের বিদ্যমান গঠনতন্ত্রের কিছু ধারা সংশোধনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
রাবার প্লট নবায়ন: রাবার চাষীদের প্লট নবায়ন সংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রক্রিয়াটি সহজীকরণের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়।
স্থায়ী অফিস ক্রয়: এসোসিয়েশনের দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী অফিস স্পেস ক্রয়ের বিষয়টি সভায় গুরুত্বের সাথে আলোচিত হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জনাব মো. আলাউদ্দিন, সহ-সভাপতি জনাব মোমিনুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল হক চৌধুরী এবং বিপণন সম্পাদক জনাব শওকত আহমেদ চৌধুরী।
এছাড়াও সংগঠনের অগ্রযাত্রায় দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য জনাব মোহাম্মদ কামাল উদ্দিন এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কার্যকরী সদস্য আলহাজ্ব জনাব আব্দুর রশিদ ভুলু।
সভাপতির সমাপনী বক্তব্য এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।